বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’র মুখোমুখি হতে চলেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকা। সিএনএনের বরাতে জানা যায়, সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ক্যাটেগরি ৫-এ রূপান্তরিত এই ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ মাইল।
ক্যারিবীয় দ্বীপাঞ্চলে মেলিসা ঝড়ের তীব্রতা পূর্বাভাসকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এটি পূর্বাভাসের চেয়েও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। ফলে সাধারণ সতর্কবার্তা ও প্রস্তুতি কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে আবহাওয়াবিদরা বলেছেন।
জ্যামাইকা দ্বীপের ইতিহাসে কখনো ক্যাটেগরি ৪ এর চেয়ে শক্তিশালী ঝড় সরাসরি আঘাত হানেনি। গত একদশকে কোনো সরাসরি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি দ্বীপটি। এ দ্বীপে বসবাসরত নাগরিকদেরও বাধ্যতামূলক ঘরবাড়ি ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করছে, মেলিসা প্রচণ্ড ভূমিধস, ভয়াবহ প্লাবন এবং ঝড়ো বাতাসের ঝুঁকি তৈরি করেছে যা সব ধরনের স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারে। ইতোমধ্যেই হাইতি ও জ্যামাইকায় তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজনের প্রাণহানি ঘটেছে।
এই মুহূর্তে জ্যামাইকার সরকার ও উদ্ধারকর্মীরা জরুরি প্রস্তুতি কার্যক্রমে নিয়োজিত, এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি প্রয়োজন হলে উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়ার সতর্কতা দেয়া হয়েছে।
/ইউএমএইচ