
‘বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে’- বলে মন্তব্য করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই-এফ) সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, এতে দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। এছাড়া ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে এসব কথা বলেছেন জেইউআই-এফ সভাপতি মাওলানা ফজলুর রহমান ।
তিনি বলেন, দুই দেশের মধ্যে ঈমানের ঐক্য এমন শক্তিশালী, যা কখনো মুছে দেওয়া যাবে না।
জেইউআই-এফ সভাপতি জোর দিয়ে বলেন, ‘সম্মেলনে পাকিস্তান প্রতিনিধিদল শুধুমাত্র অংশ নিতে আসেননি, পাকিস্তানি জনগণের পক্ষে বাংলাদেশি ভাইদের কাছে শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ। উপমহাদেশের পণ্ডিতরা এই বিশ্বাসে ঐক্যবদ্ধ যে নবী মুহাম্মদের পরে যে কেউ নবুওয়ত দাবি করবে সে ইসলামের আওতার বাইরে।’
জেইউআই-এফ প্রধান আশা করেছেন, এই সম্মেলন দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
বাংলাদেশের ধর্মভিত্তিক আন্দোলন নিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের সক্রিয়তা ও গতিশীল মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন সহিংসতার পরিবর্তে আদর্শের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।’
/এমএইচআর