ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা ধর্মীয় উৎসব উদ্যাপন করছেন। ফলে হেবরনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করেছে তারা।
ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে প্রবেশে বাধা প্রদান করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সমাজকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওল্ড সিটি অব হেবরনের এক বাসিন্দা তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে ইসরায়েলি সেনারা।
তিনি আরও বলেন, ওল্ড সিটিতে যাওয়ার সব সামরিক তল্লাশিচৌকি বন্ধ করে রেখেছে ইস্রায়েলি বাহিনীর সৈন্যরা। এমনকি সেখান থেকে কাউকে বের হতেও দেওয়া হচ্ছে না। ফলে তাদের নিজের বাড়িতেও অনেকে ফিরতে পারছেন না।
অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েক শ ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল রাতে আবার তাঁরা একইভাবে শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান। ইসরায়েলি বাহিনী এ শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। হেবরনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।
/ইউএমএইচ