অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়।
সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারে একটি সমাবেশ আয়োজন করে। যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। আর এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, তার বিরুদ্ধে পুলিশই একটি প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল। যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ তাকে এই অভিযোগে অভিযুক্ত করে। এরমধ্যে চারজনই তার বিরুদ্ধে রায় দেন।
রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার পাশাপাশি বলসোনারোর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগও আনা হয়েছে। বলা হয়েছে, এই সংগঠনের মাধ্যমে জোরপূর্বক ব্রাজিলের গণতন্ত্রকে বাতিল করতে চেয়েছিলেন তিনি।
২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালান। ওই হামলার প্রেক্ষিতেই মূলত বলসোনারোকে সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।
সময়ের আলো/এআর