পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের অসুস্থতা নিয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও দেশটির সরকার ও পিটিআই বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে সরকার ও পিটিআই। বর্তমানে আদিয়ালা কারাগারের একান্ত সেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ‘সম্পূর্ণ সুস্থ আছেন’ বলে জানানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় এদিন কারাগারের বাইরে অবস্থান নেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। দায়িত্ব নেওয়ার পর অষ্টমবারের মতো দলের কারাবন্দি নেতার সঙ্গে আফ্রিদির দেখা করার চেষ্টা এটি। এদিন ইমরানের আইনজীবী, চিকিৎসক বা পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ দেওয়া হয়নি।
এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ও তাকে উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যার খবর প্রকাশ করে জাপানি একটি পত্রিকা ও বিবিসি। এ নিয়ে সামাজিক মাধ্যমে ‘ইমরান খান কোথায়?’ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে।
পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে তার বাবা যে জীবিত তার প্রমাণ ও আদালতের নির্দেশমতে সাক্ষাৎ ও ‘অমানবিক বিচ্ছিন্নতা’ অবসানের আহ্বান জানান।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরওয়াই নিউজকে বলেন, “ইমরান খান ভালো আছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষার জন্য একটি দল নিয়মিত কাজ করছে। চিকিৎসা, খাদ্যাভ্যাস, ব্যায়াম—সবকিছুর দিকেই যথাযথ নজর দেওয়া হচ্ছে।’
পিটিআই নেতা আলি জাফরও ডন নিউজটিভিকে বলেন, “সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, খবরটি ভিত্তিহীন। তবে এখনই সরকারের উচিত আমাদের সাক্ষাতের সুযোগ দেওয়া, তাহলেই সবাই নিশ্চিত হতে পারবেন।”
সময়ের আলো/এনএ