ক্রমেই শক্তি সঞ্চয় করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’। দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি।
শনিবার (২৯ নভেম্বর) আবহাওয়া দপ্তরের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের স্থায়ী গতি ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, তবে দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত যাচ্ছে ঝড়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ঘিরে অগ্রসরমান রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৮৮০ কিমি, কক্সবাজার থেকে ১৮৩০ কিমি, মোংলা থেকে ১৭৫০ কিমি এবং পায়রা থেকে প্রায় ১৭৫৫ কিমি দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড়টির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর।
বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরের বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে সতর্ক করেছে।
/ইউএমএইচ