ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতোমধ্যেই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে, যার ফলে ফ্লাইট বাতিল ও অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়াহ ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে এবং আগামী রোববার এটি উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে বঙ্গোপসাগরের ওপর দিয়ে অতিক্রম করবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার গতির বাতাস বয়ে যাচ্ছে, যা দমকা হাওয়ার কারণে ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামাচন্দ্রন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলের কাছাকাছি আঘাত হানবে কি না, তা এখনো স্পষ্ট নয়, তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কাজের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন
আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ৮ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার পর, এসব অঞ্চলে জলাবদ্ধতা এবং প্লাবনের আশঙ্কা রয়েছে।’
এছাড়া, আইএমডি জানিয়েছে, কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার, যা দক্ষিণ তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আরও শক্তিশালী হতে পারে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং বিপদমুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
এএডি/