বিশ্বের বিভিন্ন দেশে প্রকৃতির বিরূপ আচরণে আতংকিত পুরো দুনিয়া। এবার ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য। এ ভূমিকম্পে ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) সংস্থা বলছে, ৩.৩ মাত্রার এ ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ কম্পন টের পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার এবং সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়, যার মধ্যে কেন্ডাল এবং উলভারস্টন শহরও অন্তর্ভুক্ত।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ল্যাঙ্কাশায়ারের সিলভারডেল উপকূলের ঠিক কাছে ১.৮৬ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের সম্ভাব্য কেন্দ্রস্থল থেকে ৪.৮ মাইল (৭.৭ কিমি) দূরে কার্নফোর্থে বসবাসকারী ক্যাটরিনা সিমন্স বলেন, ‘রাতের এ কম্পনে ঘুম ভেঙে গেলে তিনি ভয় পেয়ে যান।’
তিনি বলেন, ‘ঝাঁকুনিতে আমি ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছিল কেউ গাড়ি চালিয়ে ঘরে ঢুকে পড়েছে।’
সিমন্সের মতো স্থানীয় অনেক বাসিন্দাই এতে আতংকিত হয়ে পড়েন, যাদের বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
বিজিএস প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করে। কিন্তু এর খুব কমই সাধারণ মানুষ অনুভব করেন বলে জানিয়েছে বিবিসি।
সময়ের আলো/এনএ