ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো অসলোতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক আজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাচাদোর বর্তমান অবস্থান অজানা হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
৫৮ বছর বয়সী মাচাদোর নরওয়ের অসলো সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের কথা ছিল। অনুষ্ঠানে নরওয়ের রাজা হ্যারল্ড, রানি সোনজা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াসহ লাতিন আমেরিকার বিভিন্ন নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। আজ স্থানীয় সময় দুপুর ১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
ভেনেজুয়েলার মাদুরো সরকারের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার পরিকল্পনা করেছিলেন মাচাদো। তিনি এক বছরেরও বেশি সময় ধরে দেশে আত্মগোপনে আছেন।
নোবেল ইনস্টিটিউটের পরিচালক ও স্থায়ী সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন নরওয়ের গণমাধ্যম এনআরকে-কে বলেন, দুঃখজনকভাবে মাচাদো নরওয়েতে নেই, তাই তিনি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হতে পারবেন না।
মাচাদোর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না।
এই বিষয়ে নোবেল ইনস্টিটিউট আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
/ইউএমএইচ