সৌদি আরবে একযোগভাবে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর (এনসিএম) শঙ্কা প্রকাশ করেছে যে, আবহাওয়া পরিস্থিতি যদি আরও খারাপ হয় তবে অনেক এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি, হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কুয়াশা ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের মরুভূমির পরিবেশে এমন ঝড়-বৃষ্টি বিরল হলেও, গত কিছু বছরে একাধিকবার এই ধরনের আবহাওয়া পরিস্থিতি দেখা গেছে। বর্তমানে সৌদির এই আছড়ে পড়া ঝড়ের জন্য দায়ী হিসেবে লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ চিহ্নিত হয়েছে। আবহাওয়া দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই নিম্নচাপের কারণে সৌদির বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে এবং বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
এনসিএম আরও জানিয়েছে, ঝড়ো আবহাওয়া এখন পারস্য উপসাগরের দিকে সরে গিয়ে সৌদির দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে পোঁছাচ্ছে, যেখানে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলছে।
এমন পরিস্থিতিতে সৌদি নাগরিকদের এবং যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বন্যা কিংবা আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এএডি/