জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী জুড়ে আবহাওয়ায় ব্যাপক হেরফের লক্ষ্য করা যাচ্ছে। অতি ভারি বৃষ্টি হওয়া অঞ্চলে অতি গরম। আবার অতি গরম অঞ্চলে তীব্র বৃষ্টি কিংবা শীত। এই যখন অবস্থা। মরুভূমিতেও এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সৌদি আরবের তাবুক এবং হাইলসহ একাধিক জায়গায় বিরল তুষারপাত হয়েছে। তুষারে ঢেকে যাওয়া পাহাড়গুলিতে সেখানকার মানুষ আনন্দে মেতে উঠেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তাবুক এবং হাইলের পাহাড়ি এলাকা, আর বিশেষ করে জর্ডান সীমান্তবর্তী জাবাল আল লজের উঁচু অঞ্চলগুলো তুষারে ঢাকা পড়েছে। এমন অনাকাঙ্খিত তুষারপাতের পর এটি উপভোগে ঝাঁপিয়ে পড়েন সাধারণ মানুষ।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেকেই বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে তুষার দেখতে এসেছেন। তারা ছবি তুলছেন, ঐতিহ্যবাহী গানের তালে নাচছেন এবং কেউ কেউ স্কাই ডাইভিং করছেন। সৌদির অন্যতম উঁচু স্থান হলো জাবাল আল লজ। সেখানকার বেশিরভাগ অংশ তুষারে সাদা হয়ে গেছে।
সৌদির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে। রাজধানী রিয়াদের আল ঘাটের বাসিন্দারা জানিয়েছেন, তাদের এখানে তুষারের দেখা মেলা অতি বিরল ঘটনা। তারা বলেছেন, গত কয়েক দশকে সম্ভবত প্রথমবারের মতো সেখানে তুষারপাত হয়েছে।
সূত্র: গালফ নিউজ
সময়ের আলো/এনএ