রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রুশ তদন্ত কমিটির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে ঘটে যাওয়া এ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারভ সোমবার সকালে একটি গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে মারা গেছেন। সারভারভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। সোমবার ওই সময় তার গাড়িতে ফিট করে রাখা বোমা বিস্ফোরিত হয়।
কমিটি জানায়, গাড়ি বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর জেনারেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।
সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা রঙের গাড়ি বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গাড়িটির দরজার উড়ে গেছে। পার্কিং এরিয়ায় পড়ে থাকা গাড়িটিকে ঘিরে রেখেছে অন্যান্য গাড়ি।
রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেফটেনেন্ট জেনারেল সারভারোভ ১৯৯০ সালের শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০ সালের শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তার যুদ্ধ করার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া, ২০১৫-১৬ সালের দিকে সিরিয়া অভিযানেও নেতৃত্ব দেন তিনি।
রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। এরপর নিজ দেশে একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন।
সূত্র : বিবিসি, এএফপি
সময়ের আলো/এনএ