রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তির প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
শনিবার এই হামলার আগে জেলেনস্কি জানিয়েছেন, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। যুদ্ধ থামার পর কোন পক্ষ কোন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে এই বৈঠকে মূলত তা নিয়েই আলোচনা হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরু করলে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।
রয়টার্স জানিয়েছে, রাশিয়ার হামলা প্রতিরোধ করার জন্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো পদক্ষেপ নেওয়া শুরু করলে কিয়েভে বিস্ফোরণ শোনা যেতে থাকে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর দেশটির বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ড্রোনগুলো কিয়েভের পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় হামলা অব্যাহত ছিল আর কিয়েভে আকাশ হামলার সতর্কতা জারি ছিল।
কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। রাশিয়ার হামলার সময় পোল্যান্ড তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেশুফ ও লুব্লিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখে। এই দুটি শহর ইউক্রেনের পশ্চিমে। এক্স এ পোল্যান্ডের এয়ার নেভিগেশন পরিষেবা সংস্থা জানায়, এ সময় পোল্যান্ডের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধবিমানগুলো আকাশে উড়িয়েছিল। রাশিয়া এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
তীব্র লড়াইয়ের মধ্যেই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছে ভূখণ্ড। কিয়েভে জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে পরিচালিত শান্তি পরিকল্পনার ২০ দফার খসড়ার মধ্যে ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি প্রায় প্রস্তুত। ‘নতুন বছরের আগেই অনেক সিদ্ধান্ত হতে পারে,’ সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, এই প্রক্রিয়ার পেছনের চালিকা শক্তি যুক্তরাষ্ট্র।
মার্কিন নিউজ ওয়েবসাইট পলিটিকোকে তিনি বলেছেন, আমি অনুমোদন না করা পর্যন্ত তার কিছুই নেই। তাই তার কাছে কী আছে আমরা দেখব। বৈঠকের আগে শনিবার ট্রাম্প ও জেলেনস্কি টেলিফোনে কথা বলবেন। তাদের এ কথোপকথনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ও অন্যান্য ইউরোপীয় নেতারা যোগ দেবেন বলে কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন।
সময়ের আলো/এসকে/