জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। একপর্যায়ে তিনি দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থাটির সাংবাদিকের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে বলেন, আগামী নির্বাচনের পর দেশে সরকার গঠন করা হবে, সেখানে যদি জামায়াত ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা ‘স্বস্তি বোধ করবে না’।
এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তিনি ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেছেন, আমি আর বিষয়টি জটিল করতে চাই না।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ সাহাবুদ্দিন। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার এক বছর পরই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। গত মাসেই অবশ্য রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এর জেরে চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলটির আমির সাক্ষাৎকারে এ তথ্য স্বীকার করেছেন।
শফিকুর রহমান বলেন, তারা আগামী নির্বাচনে জোট সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানিয়েছেন তিনি। তার দাবি, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, জেন-জিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানান, জামায়াত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী।
জামায়াত আমির বলেন, আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব।
সময়ের আলো/এসকে/