নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ফতুল্লার নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রায়হান খান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি ফতুল্লার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় এক যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
আআ/আরআর