আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন তিনি।
এর আগে, এদিন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ড. আবদুল মঈন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। পরে সেখান থেকে সরাসরি মা-বাবার কবর জিয়ারতে যান তিনি।
জিয়ারত শেষে মঈন খান বলেন, যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে, তবে শহীদ জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করব। ইনশাল্লাহ।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এফআর