সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গত ২৯ ডিসেম্বর বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে মাথায় প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এজন্য তাকে ২৭টি সেলাই দিতে হয়। এসময় চিকিৎসকরা জানিয়েছেন, পড়ে যাওয়ার পর তার স্ট্রোক হয়েছিল।
গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, গত বৃহস্পতিবার টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তৌসিফ।
গণমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। মাথায় মারাত্মক আঘাত লাগে, অনেক রক্ত বের হয়। পরে ২৭টা সেলাই পড়েছে মাথায়।
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এ কারণে আগের মতো নিয়মিত কাজ করতে পারছেন না।
তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে সামনে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে প্রথমবার তৌসিফের হার্ট অ্যাটাক হয়। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে তাকে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে ছিলেন তিনি। সর্বশেষ স্ট্রোকের কারণে আবারও হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে।
তৌসিফ আহমেদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য গান। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও সমানভাবে সক্রিয় ছিলেন। তবে শারীরিক জটিলতার কারণে তিনি গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে অনেকটাই অনিয়মিত।
/ইউএমএইচ