রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করায় মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ প্রত্যাহার আদেশ দেন।
কনস্টেবল সাইফুজ্জামান আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন— কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশ করছেন। খবর পেয়ে ওসি নিজেই ওই বাসায় যান।
পরে যাচাই করে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এফআর