সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার ( ২ জানুয়ারি) আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এর আগে দুপুর থেকেই দোয়া মাহফিলে অংশ নিতে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী জড়ো হন। এ ছাড়া দল-মত-নির্বিশেষে বিপুলসংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরিক হন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীসহ অনেকে।
মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্য এবং স্বজনেরা।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে আজ দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও