মাদক সেবনে বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে টিটোন মন্ডল (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ ঘটনা ঘটে। টিটোন মন্ডল গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে।
এ সময় টিটোন মন্ডলের চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসলে ঐ গ্রামের মাসরুল মন্ডলের ছেলে ডলার (১৯), আক্তার মন্ডলের ছেলে মাহিম (২০), ইউনুচ মন্ডলের ছেলে লাবিব (২২) আক্তার মন্ডলের ছেলে শাকিল (২১) কে সেকেন্টগিয়ার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহতদের মধ্যে শাকিল মন্ডলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শালিখা থানার ওসি মো. আবু সাইদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার সময় ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে একটি হত্যার ঘটনা ঘটে।
এছাড়াও আহত হয়েছে চারজন। তাদের ফরিদপুর ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মূল আসামি ফাইমকে আটক করা হয়েছে। শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই হত্যা মামলার অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/এআর