গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাস পিছন দিক থেকে মালবাহী ট্রাককে ধাক্কা দিলে বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসের যাত্রীরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার হারুন মিয়ার ছেলে জামিল মিয়া (২২) ও একই এলাকার মুছা মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় বেপরোয়া গতির কাজী লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে বাসের বামপাশ দুমড়ে-মুচড়ে যায়। একপর্যায়ে বাসের যাত্রীদ্বয় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
পলাশবাড়ি থানা পুলিশ ও স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এআর