আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ১২ লাখ ২৫ হাজারের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা পর্যন্ত মোট নিবন্ধন সংখ্যা ১২ লাখ ২৫ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন। নিবন্ধিতদের মধ্যে ১১ হাজার ৩৮ জনের আবেদন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নিবন্ধনকারী ভোটারদের মধ্যে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ ৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন আবেদন করেছেন। বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।
ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছে, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
সময়ের আলো/কেএইচও