চট্টগ্রামে ডাম্প ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর কদমতলী মোড়ে এ ঘটনা ঘটে। মুবিনুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বুড়ি পুকুর গ্রামে। তিনি ওই এলাকার নুরুল আমিনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মুবিনুল ইসলাম মোটরসাইকেলে করে দামপাড়া পুলিশ লাইনসের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানা এলাকায় দায়িত্ব পালনের আসছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা পরিবহনের ডাম্প ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। গাড়িটির হেলপারকেও আটক করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।
সময়ের আলো/জেডআই