ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকালাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র আমদানির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের ডেলটা ফোর্স। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় একটি জেলায় মাদুরো এবং তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, শিগগিরই আদালতে আমেরিকান বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে তাদের। তবে বন্ডি মাদুরোর স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা বলেননি।
তিনি মার্কিন সামরিক বাহিনীকে দুই আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরতে সফল মিশন পরিচালনার জন্য ধন্যবাদ জানান।
মার্কিন যে আইনে মাদুরোর বিচার হবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একজন অপরাধী। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়। মাদুরোকে গ্রেফতারের জন্য দেড় কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। ২০২৫ সালের শুরুর দিকে বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে এ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ২০২৫ সালের আগস্টে কার্টেল দে লস সোলেসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে পাঁচ কোটি ডলার করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো ওই সন্ত্রাসী সংগঠনটির নেতা।
গত মাসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাদুরোর সরকার যে একটি মাদক-সন্ত্রাসী গোষ্ঠী, এ অভিযোগ কিংবা এ দাবি কোনো রাজনৈতিক বক্তব্য বা অনুমানের ভিত্তিতে নয়। এটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে। গ্র্যান্ড জুরি নথিপত্র পর্যালোচনা করে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।
আজ শনিবার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের সিনেটর মাইক লি আজ ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, রুবিও আমাকে জানিয়েছেন, মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধের মামলায় তার বিচার করা হবে। আজ রাতে আমরা যে সামরিক অভিযান দেখেছি, তা মূলত এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে চালানো হয়েছিল।
সময়ে আলো/ এসকে/