সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘সুশাসনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতা ভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে। প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে। এতোদিনের অনিয়ম এ সময়ের মধ্যে পুরোপুরি যাচাই-বাছায়ের তালিকা শেষ করতে পারেনি।
তিনি বলেন, ‘শুরু করে দিতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরি করা উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ড পৌঁছে দিতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাহস থাকতে হবে অনিয়মগুলো তাড়ানোর। মনিটরিং সিস্টেম থাকতে হবে, তাহলে কাজের গুণগত পরিবর্তন বৃদ্ধি পাবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্র মানে সকলের সম্মিলিত প্রয়াসে একটি অনুকূল পরিবেশ তৈরি করা। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছি যেখানে তরুণরা কোটা নয়, মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি জানিয়েছে। মেধার ভিত্তিতেই সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এখন সেই ন্যায্যতার জায়গায় নিয়ে যেতে হবে।’
সময়ের আলো/কেএইচও