চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ওই অভিভাবকের নাম মো. ইব্রাহীম খলিল (৬০)। তার বাড়ি কুমিল্লা। তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, ইব্রাহীম খলিলের মেয়ে নাশিতা তাসনিম চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে মেয়েকে নিয়ে চবিতে আসেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়ে নাশিতাকে পরীক্ষার হলে পৌঁছে দেন। কিছুক্ষণ পরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ইব্রাহীম। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় হঠাৎ তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হওয়ার কথা জানান। পরে অভিভাবক ইব্রাহীম খলিলকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন তিনি।
চবি মেডিকেল সেন্টারের প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে, অভিভাবক ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এফআর