বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করা হবে না।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে ফয়েজ তৈয়্যব বলেন, ‘মোবাইল ব্যবসায়ীদের দাবি অনুযায়ী শুল্কহার কমানো হয়েছে। কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরও দোকানপাট বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার মাধ্যমে অপরাধের লাইসেন্স চায় মোবাইল ব্যবসায়ীরা।’
এদিন ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরে বিটিআরসির ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন।
এর আগে, রোববার সকালে দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সময়ের আলো/এনএ