পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল থেকে আকাশ পরিষ্কার। নেই কোনো কুয়াশা। তবে জেঁকে বসেছে কনকনে শীত। নতুন বছরের শুরুতেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বেড়েছে। গত কয়েকদিন ধরে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। আজকে এখনো সূর্যের দেখা নেই। শীতের তীব্রতা বেড়েছে। কোনো দিন রোদ, কোনো দিন ব্যাপক ঠান্ডা। এই নিয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষ। গত টানা ৪ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক ছিল। আজকে ভোর থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করেছে। হিমেল হাওয়ার কারণে সারা দিন ঠান্ডা অনুভূত হবে। কনকনে ঠান্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে।
মোটরসাইকেলচালক মো. রবিউল ইসলাম বলেন, আজকে কোনো কুয়াশা নেই, তবে প্রচুর ঠান্ডা। ঠান্ডার কারণে হাত-পা অবশ হয়ে আসে, খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। হিমালয় সংলগ্ন এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
আরআর