দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। বিগত বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত বেশি আছে।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।
তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ আমদানি করা হয়েছে, আরও কিছু পরিমাণ আমদানি প্রক্রিয়া মধ্যে আছে।
আমদানির পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলা যাবে। তবে এটা ঠিক, অন্যান্য বছরের তুলনায় আমদানির পরিমাণটা এবার কম হবে আশা করছি।
খাদ্য উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও চাল বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজনে হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম দাম পাই সেখান থেকে কিনি। গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিল। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
আরআর