শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
রোববার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষে চলাকালে ককটেল ছুড়তে গিয়ে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেরাগ আলী বেপারি কান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শনিবার দিবাগত রাত থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের লোকজন ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
রোববার সকাল পর্যন্ত কয়েক দফায় চলা এ সংঘর্ষে একটি দোকান ও কয়েকটি বসতবাড়িতে হামলা এবং শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহত হন জাবেদ শেখ নামের এক যুবক।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাজিরা থানার পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশকিছু হাতবোমা (ককটেল) বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, যারা এই নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এফআর