পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগের সব স্টক লট বৈধ হবে।
রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মাসুদ আলম বলেন, ‘৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগের সব স্টক লট বৈধ হবে। এছাড়া উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের বাড়তি ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে শো রুমের চেয়ে কমে তারা ফোন বিক্রি করতে পারেন।’
এর আগে সকালে কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সে সময় জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবারও সড়কে বসে পড়লে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীদের আশপাশের শপিংমলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।
সময়ের আলো/কেএইচও