ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে তুচ্ছ ও গুরুত্বহীন কারণ দেখিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের আচরণে ভিন্নতা দেখা যাচ্ছে। কোথাও কোথাও এমন বিষয়কে কেন্দ্র করে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের ব্যক্তিগত এখতিয়ারভুক্ত বিষয়েও কঠোরতা দেখানো হয়েছে, যেখানে চাইলে ছাড় দেওয়ার সুযোগ ছিল। উদ্দেশ্যমূলকভাবে অতিরিক্ত কড়াকড়ির কারণে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে বলে দাবি করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথভাবে দাখিল করার পরও মনোনয়ন বাতিল করা ন্যায়সংগত নয়। অপ্রয়োজনীয় ও অহেতুক বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এ ধরনের কার্যক্রম কোনো একটি মহলের প্রভাবেই হচ্ছে বলে দলটির কাছে প্রতীয়মান হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
এভাবে চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আদৌ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না- তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
তিনি রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুচ্ছ ও গুরুত্বহীন কারণে যেন কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না করা হয়। একই সঙ্গে তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার আহ্বান জানিয়ে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
এএডি/