ভেনেজুয়েলার সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীকে গ্রেফতার বা দণ্ড কার্যকরে সহায়তার জন্য মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অভিযানের মাধ্যমে আটক করার পরই এই ঘোষণা দেওয়া হয়।
রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।
প্রতিবেদন অনুযায়ী, দিয়োসদাদো কাবেলোকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করতে তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার এবং ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
মাদুরো সরকারের অন্য শীর্ষ নেতাদের কেন আটক করা হয়নি- এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও বলেন, একটি দেশের সব নেতাকে একসঙ্গে ধরে আনা বাস্তবসম্মত নয়। তিনি জানান, ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অভিযান চালালে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে তীব্র সমালোচনার মুখে পড়তে হতো।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তার মূল লক্ষ্য অর্জন করেছে এবং পরিস্থিতি বিবেচনায় অভিযান সীমিত রাখাই যুক্তিযুক্ত ছিল। তিনি আরও বলেন, এই অভিযানকে লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয় কারণ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কৌশল ও উদ্দেশ্য ভিন্ন।
তিনি জানান, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে শক্তিশালী নৌবহর মোতায়েন রাখা হবে এবং দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও বহাল থাকবে। এসব পদক্ষেপ ভবিষ্যতে ওয়াশিংটনকে পরিস্থিতি মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব খাটানোর সুযোগ দেবে বলে মন্তব্য করেন তিনি।
এএডি/