জাবির ভবনে মাদক, প্রশাসনের অভিযানে সিলগালা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসব আয়োজনের জন্য বরাদ্দকৃত ‘র‍্যাগজোন’ ভবনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র

2026-01-04T23:23:05+00:00
2026-01-04T23:23:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জাবির ভবনে মাদক, প্রশাসনের অভিযানে সিলগালা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম 
জাবির ‘র‍্যাগজোন’ ভবনে মাদক। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসব আয়োজনের জন্য বরাদ্দকৃত ‘র‍্যাগজোন’ ভবনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন ওই ভবনে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব এবং নিরাপত্তা শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন সংশ্লিষ্ট কাজের জন্য ভবনটি বরাদ্দ থাকলেও অভিযান চলাকালে ভবনটির বিভিন্ন কক্ষ থেকে মদের বোতল, গাঁজাসহ নানা ধরণের মাদকদ্রব্য এবং ব্যবহৃত বিছানাপত্র জব্দ করা হয়।
আরও পড়ুন

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, ‘অভিযানে আমরা মদের বোতল, মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছি। ক্যাম্পাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই ভবনটি সিলগালা করা হয়েছে। ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধীনে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।’

ভবনটি অপব্যবহারের বিষয়টি নিশ্চিত করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, ‘৪৫তম ব্যাচের সমাপনী উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য র‍্যাগজোনের এই ভবনটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে প্রশাসনের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। আজ অভিযান চালিয়ে আমরা এখানে মাদকদ্রব্য ও বিছানাপত্র পেয়েছি, যা অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি আরো বলেন, ‘এই এলাকাটি বিশ্ববিদ্যালয়ের লেকের খুব কাছাকাছি, যেখানে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, সে জন্য র‍্যাগজোনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।’

এএডি/


  বিষয়:   জাবি  মাদক  প্রশাসন  অভিযান  সিলগালা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: