আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। একই সঙ্গে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে- বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়।
বিসিবির এই চিঠি পাওয়ার পরই টুর্নামেন্টের নতুন সূচি তৈরির প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
আগে প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনটি ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে-
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৯ ফেব্রুয়ারি: ইতালির বিপক্ষে
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিপক্ষে
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত ছিল।
আরও পড়ুন
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সম্পর্কের টানাপোড়েন এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটাই ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতো সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করা হয়েছে।
এই উত্তেজনার পেছনে বড় একটি কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল-সংক্রান্ত ঘটনা। চলতি মৌসুমের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।
এরই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে। সব মিলিয়ে, বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে নতুন করে সমীকরণ তৈরি করেছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।
এএডি/