জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এ দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় কারাগারে থাকা ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। আল মারুফ নামে আরেক আসামিকে গ্রেফতার দেখানো হয়। তবে এ কে এম আক্তারুজ্জামান নামে আসামিকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন। আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। পরবর্তীতে গত ১৪ আগস্ট তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক রয়েছে।
মামলা অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এএডি/