হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট বুধবার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী ৭ জানুয়ারি বুধবার চূড়ান্ত

2026-01-05T17:15:43+00:00
2026-01-05T17:15:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট বুধবার : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম 
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী ৭ জানুয়ারি বুধবার চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এর মধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রসহ যেকোনো সময় যেকোনো স্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী প্রবেশ করতে পারবেন।

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। 

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


সভায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে সীমান্ত ও পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা জোরদার ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গবেষণা ও নজরদারি বাড়ানোর এবং দেশের অভ্যন্তরের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। 

গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এ গতকাল রোববার পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ সময় মামলা ও পরোয়ানাভুক্ত ১৯ হাজার ২৩৫ জনসহ মোট ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৪১টি গুলি, ৫৬৬টি কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্রসহ অন্যান্য জিনিস-উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরআর



  বিষয়:   শরিফ ওসমান হাদি  মামলা  চার্জশিট  স্বরাষ্ট্র উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: