বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, কোনো খেলোয়াড়কে অসম্মান মেনে নিতে পারি না।
সোমবার (৫ জানুয়ারি) গুলশানের বিএনপি কার্যালয়ে শোক জানাতে গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বুলবুল।
গুলশানের বিএনপি কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন বিসিবি ও বাফুফের কর্মকর্তারা।
এরপর বিসিবি সভাপতি আরও বলেন, ‘মহান নেত্রীকে মিস করবো। পুরো ক্রীড়া জগতের পাশাপাশি ক্রিকেটের জন্যও কাজ করেছেন তিনি।’
এ সময় মোস্তাফিজ ইস্যু নিয়ে বলেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে দ্রুত বৈঠক হয়। এ মুহূর্তে নিরাপদবোধ করছি না, নিরাপত্তা বড় কনসার্ন। আইসিসি বৈঠকের জন্য দ্রুত ডাকবে। যে চিঠি পাঠিয়েছি তার উত্তর পাওয়া জরুরি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। বিসিবি যোগাযোগ করছে সরাসরি আইসিসির সঙ্গে।’
এ বিষয়ে বুলবুল জানিয়েছেন, ‘কি ফিডব্যাক আসবে জানি না। বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ নেই। আইসিসির সঙ্গে যোগাযোগ চলছে।
শুধুমাত্র শোক জানাতে এসেছি, সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয়নি। মোস্তাফিজ অন্যতম সেরা ফাস্ট বোলার। খেলতে গেলে মানসম্মান নিয়ে খেলতে হবে। কোনো খেলোয়াড়কে অসম্মান করাটা গ্রহণযোগ্য নয়।’
মোস্তাফিজ ইস্যুতে বিসিবির পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘কেকেআরকে বলা হয়েছে দলে না রাখতে। বিসিবির সঙ্গে কোনো আলাপ হয়নি। তবে অপমানজনক বিষয়ের অবতারণা আমরা কেউই মেনে নিতে পারি না।’