সারা দেশে চলমান শৈত্যপ্রবাহ আরও জোরালো হতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের একাধিক অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।
সোমবার (৫ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ফেসবুক পোস্টে এই পূর্বাভাস দেন। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই দেশের আটটি বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তার মতে, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোয় সকাল ১০টার পর ধীরে ধীরে সূর্যের আলো দেখা যেতে পারে।
আরও পড়ুন
বিশেষ করে মঙ্গলবার ভোরে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসজুড়ে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধাপে ধাপে কমতে শুরু করতে পারে। তার ভাষ্য অনুযায়ী, জানুয়ারি মাসে অন্তত এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এএডি/