ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও একাধিক গুলির শব্দ শোনা গেছে, একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ শাখা ডেল্টা ফোর্স।
দুই দিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র।
এ ঘটনার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেপুটি ডেলসি রদ্রিগেজকে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্রের বরাতে জানা যায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১২টা) কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে বলেও জানা যায়।
প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তি জানিয়েছেন, ওই সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না। প্রায় এক মিনিট ধরে গুলি চলেছে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি জানান প্রথমে তিনি মনে করেছিলেন বাইরে কোনো বিমান আছে কিনা, কিন্তু তিনি কোনো বিমান দেখতে পাননি। পরে তিনি দেখেন, তার মতোই আরও অনেকে বাইরে তাকাচ্ছে কোনো বিমান দেখা যায় কি না দেখার জন্য।
এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু তারা এ বিষয়ে জানাতে আগ্রহ প্রকাশ করেনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে।
ভিডিওতে আরও দেখা গেছে, গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।
/ইউএমএইচ