নওগাঁর মহাদেবপুরে আবুল কালাম আজাদ স্বপন ও দুলাল হোসেন নামে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বহিষ্কৃত আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং দুলাল হোসেন ওই কমিটির যুগ্ম সম্পাদক।
বহিষ্কারাদেশে বলা হয়, মহাদেবপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। তাই দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে জেলা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে এদিন বিকেলে বহিষ্কৃত দুলাল হোসেন মুঠোফোনে জানান, আগামী ২০ জানুয়ারি থেকে দলীয় প্রতীক নিয়ে প্রচারণা শুরু হবে। তার আগেই কীভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমার বোধগম্য নয়। আমরা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করব। বিএনপি বৃহৎ দল হওয়ায় এক আসনে একাধিক প্রার্থী ছিল। কর্মীরা তাদের পছন্দের নেতাকে সমর্থন দিয়েছিল।
একইভাবে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই জানিয়ে আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, এই আসনে তিনজন প্রার্থী থাকার কারণে আমি একজনের পক্ষে ছিলাম। আগামী ২০ তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। আমি কখনও ধানের শীষের বিপক্ষে যাইনি। ধানের শীষের বিরুদ্ধে কাজ করতে চাই না। যদিও এখনো বহিষ্কারের নোটিশ পাইনি।
আরআর