জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শেষে এখন চলছে ভোট গণনা। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ভোট গণনা শুরুর ঘোষণা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ।
তিনি বলেন, প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে যে, ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।
তিনি আরও বলেন, জকসু নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।
এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩টার মধ্যে কেন্দ্রে যেসকল শিক্ষার্থী ঢুকতে পেরেছেন, ৩টার পর কেবল তারাই ভোট দিতে পেরেছেন। পরে ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে (কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ) আনা হয়।
প্রসঙ্গত, জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
এফআর