বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা ঢাকায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, দুদক আইনের ২৬(১) ধারায় সাদিক আবদুল্লাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। নোটিশ জারির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সাদিক আবদুল্লাহ। এ কারণে তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ধারায় মামলা করা হয়েছে।
দুদক জানায়, কমিশনের প্রধান কার্যালয়ে আসা একটি অভিযোগের ভিত্তিতে বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগ-দখলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত বছরের ১৬ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের জন্য সাদিক আবদুল্লাহর নামে নোটিশ জারি হয়।
২৬ অক্টোবর দুদকে কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকায় তার বাসার ঠিকানায় গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর বরিশাল শহরের ঠিকানায় গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। পরে আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার ঠিকানায় সম্পদ বিবরণী ফরমের মূল কপি বাড়ির দরজায় টাঙিয়ে নোটিশ জারি করা হয়।
প্রসঙ্গত, সাদিক আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সাদিক আব্দুল্লাহ।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের মত বরিশালেও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় সাদিক আবদুল্লাহর পৈতৃক বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
সময়ের আলো/আআ/এসকে/