প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি : সংগৃহীতদ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. হজরত আলী কবির শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান, মিজানুর রহমানসহ অন্যরা। শুনানিতে তারা দাবি করেন, এজাহারে উল্লেখ করা ঘটনার সঙ্গে গাজী নজরুল ইসলামের কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে।
জামিন আবেদনে তার বয়স ৭৫ বছর উল্লেখ করে বলা হয়, তিনি জটিল হৃদ্রোগে ভুগছেন। তার স্থায়ী ঠিকানা থাকায় জামিন পেলে আত্মগোপন করা বা এলাকা ছেড়ে যাওয়ার আশঙ্কা নেই। এ ছাড়া মামলার অপর আসামি ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম গত ৩০ সেপ্টেম্বর জামিন পেয়েছেন। একই বিবেচনায় গাজী নজরুলেরও জামিন পাওয়া উচিত বলে দাবি করেন তার আইনজীবীরা।
তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন।
এর আগে গত ১১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেন। পরে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন তিনি।
গত ২১ সেপ্টেম্বর এ মামলায় প্রথম দফায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় গাজী নজরুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
সময়ের আলো/টিকে