সালমান-আনিসুলসহ ৫ আসামির পক্ষে বিদেশি আইনজীবীর আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ

2026-10-30T02:54:50+00:00
2026-10-30T02:54:50+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আইন-আদালত
সালমান-আনিসুলসহ ৫ আসামির পক্ষে বিদেশি আইনজীবীর আবেদন নাকচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৫৪ এএম 
সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

বার কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন অনুমোদন পেল না।

এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল বার কাউন্সিলে আবেদন করেন। গত ৩০ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

গ্রায়েম এল হল গত ১৪ আগস্ট বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি জমা দেন। এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে বাংলাদেশের স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত থাকার অনুমতি চান তিনি। আবেদনের সঙ্গে নিজের পেশাগত পরিচিতি ও অন্যান্য প্রাসঙ্গিক নথিও সংযুক্ত করেন যুক্তরাজ্যের এ আইনজীবী। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হলের স্বাক্ষরিত আবেদনটি ২৪ আগস্ট গ্রহণ করে বার কাউন্সিল।


এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন মুনসুরুল হক চৌধুরী। ওই আবেদনে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়।

আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি এবং পরে বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। তবে বার কাউন্সিল আবেদন নাকচ করায় সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের উদ্যোগ আপাতত বাধার মুখে পড়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সালমান এফ রহমান  সাবেক আইনমন্ত্রী  আনিসুল হক  বিদেশি আইনজীবী 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: