তালাবদ্ধ বাড়িতে চুরি করতে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকা পড়েন যুবক। অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে ব্যর্থ হয় ওই যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের কোটা শহরে।
জানা যায়, রাজস্থানের কোটার বাসিন্দা সুভাষকুমার রাওয়াত ও তার স্ত্রী গত ৩ জানুয়ারি এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অনেক রাতে বাড়ি ফিরে স্তম্ভিত হয়ে যান তিনি। দেখেন, সন্দেহভাজন দুই যুবক তার বাড়িতে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। একজন রান্না ঘরের এক্সস্ট ফ্যানের সরু ছিদ্র বেয়ে ভিতরে ঢুকছে, অন্যজন বাইরে দাঁড়িয়ে নজর রাখছে। এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সুভাষ। আশেপাশের লোকজন আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলে দ্বিতীয় যুবক পালিয়ে যায়। অন্যজন এক্সস্ট ফ্যানের সরু জায়গায় আটকে যান।
আটকে পড়া ওই যুবককে উদ্ধার করতে খবর দেন সুভাষ। পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ঘরের বাইরে মই বসিয়ে দু’জন পুলিশকর্মী গর্ত থেকে হিঁচড়ে বাইরে বের করছেন। আরও কয়েকজন পুলিশকর্মী ঘরের ভেতর থেকে অভিযুক্তকে বাইরের দিকে ঠেলছেন। বেশ কিছুক্ষণের চেষ্টার পর তাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা ও চুরির ঘটনা বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও বিশেষ ফল হয় না। রাতে এলাকায় টহল দেওয়ার আশ্বাস দিয়েছিল পুলিশ, কিন্তু বাস্তবে তাদের দেখা যায়নি। এরপর হাতেনাতে চোর ধরা পড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা।
সময়ের আলো/আআ/এসকে/