চাঁদপুরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মচারীর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পৌনে সাতটার দিকে উপজেলার নোয়াগাঁও লতিফপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিরিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুর্চি হিসেবে কর্মরত। তিনি উত্তর নোয়াগাঁও গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিরিনা আক্তার। বাড়ির পাশের রাস্তায় পৌঁছামাত্র ওত পেতে থাকা তিন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শিরিনা আক্তারের কাছে থাকা মোবাইল ফোন ও কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে, ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর