পৌষের শেষ সময়ে উত্তরের জনপদ নওগাঁ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে। এখন পর্যন্ত এটিই এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ আকাশে কুয়াশার আধিক্য নেই। তবে হাড়কাঁপানো হিমেল হাওয়া বইছে। বাড়ছে শীতের দাপট। শীতের কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনমজুর আর খেটেখাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে।
রিকশাচালক ইয়াসিন আলী বলেন, সকাল-সন্ধ্যায় ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না। এখনও মাঘ মাস আসেনি। তারপরও এত শীত পড়ছে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।
আরআর