চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মধ্যবর্তী তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। তিনি রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের উত্তরে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশেই এক কিশোরের নিথর দেহ পড়ে আছে। অন্যদিকে শ্যামলী পরিবহনের বাসটি সড়কের দক্ষিণ পাশে খাদের কিনারায় আড়াআড়িভাবে আটকে আছে। বাসটির সামনের এক পাশের কাচ ভেঙে গেছে। দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
মো. সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে পূর্ব দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে মৃত্যুবরণ করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, আবু সুফিয়ান আরমানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত আকিব চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মারা যান। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরআর