ঢালিউডের আলোচিত নির্মাতা রায়হান রাফী আবারও ভিন্নধারার গল্প নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। একের পর এক সফল সিনেমার পর এবার তিনি নির্মাণ করছেন নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘প্রেশার কুকার’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুটিংয়ে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর রায়হান রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী। সর্বশেষ ২০২২ সালে তারা একসঙ্গে কাজ করেছিলেন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ।
নতুন সিনেমা ও চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী জানান, গল্প এবং চরিত্র- দুটিই তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। তার ভাষ্য, গল্পে নতুনত্ব আছে এবং অভিনয়ের জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যা তাকে কাজটিতে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।
আরও পড়ুন
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘প্রেশার কুকার’ সিনেমাটি তিন নারীর জীবনের ভিন্ন ভিন্ন বাস্তবতা, সংগ্রাম ও মানসিক চাপকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। এই তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তাদের জীবনের সমান্তরাল গল্পই সিনেমার মূল উপজীব্য।
যদিও সিনেমাটি নারীদের গল্প ঘিরেই আবর্তিত, তবে এতে একটি প্রভাবশালী পুরুষ চরিত্রও থাকছে বলে জানা গেছে। চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, এতে জাহিদ হাসান কিংবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী কোনো অভিনেতাকে দেখা যেতে পারে। তবে নির্মাতা পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘প্রেশার কুকার’। রায়হান রাফীর নির্মাণশৈলী ও তিন অভিনেত্রীর অভিনয় দর্শকদের কতটা নতুন অভিজ্ঞতা দিতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
এএডি/